বিজয় দিবসে মোদি রাহুলের পোস্টে নেই বাংলাদেশ

বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার দেওয়া সেই বার্তায় বাংলাদেশের নাম, স্বাধীনতা বা যৌথ বাহিনীর লড়াইয়ের বিষয়টি কোথাও উল্লেখ করা হয়নি। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি ১৯৭১ সালের যুদ্ধকে ভারতের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেন। নরেন্দ্র মোদি তার স্ট্যাটাসে লেখেন বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের অটুট সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের এক মুহূর্ত খোদাই করে দিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী আরও লেখেন, এই দিনটি তাদের বীরত্বের প্রতি স্যালুট এবং তাদের অতুলনীয় মানসিক শক্তির একটি স্মারক। তাদের এই বীরত্ব ভারতীয়দের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রাণিত করে যাবে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্ত রক্ষায় বীরত্ব ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখায় দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো তার বক্তব্যেও বাংলাদেশ প্রসঙ্গ অনুপস্থিত। এমনকি যুদ্ধ কার সঙ্গে কোথায় হয়েছে, সে বিষয়েও কোনো উল্লেখ নেই। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রাহুল গান্ধী বলেন- বিজয় দিবসে আমি আমাদের সশস্ত্র বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সীমান্ত রক্ষা করার সময় তাদের বীরত্ব, নিষ্ঠা ও অটল সংকল্প দিয়ে বিশ্ব জুড়ে ইতিহাস তৈরি করেছিলেন। কংগ্রেসের এ নেতা আরও বলেন, তাদের অদম্য সাহস, সংগ্রাম ও সর্বোচ্চ ত্যাগ সর্বদা প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী এই সংগ্রামে যুক্ত হয়। সে কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে। তবে এবারের বিজয় দিবসের শুভেচ্ছাবার্তায় মোদি-রাহুল কেবল ভারতীয় সেনাদের বীরত্ব এবং ভারতের সুরক্ষার বিষয়টিই সামনে এনেছেন। সেখানে বাংলাদেশের স্বাধীনতা বা মিত্রশক্তির অবদানের কোনো প্রসঙ্গ স্থান পায়নি।