আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই দিতে হবে : নাহিদ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আগ্রাসনবিরোধী যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের দিতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই।’ এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু হয়। পদযাত্রাটি বাংলামোটর মোড়, কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পদযাত্রায় এনসিপির নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘শরিফ ওসমান হাদির ওপর হামলার পর বিষয়টিকে সহজভাবে দেখার আর কোনো উপায় নেই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের দিতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ৫৪ বছর পার হয়েছে, কিন্তু এখনো আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন সুরাহা করতে পারি নাই। আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা মনে করি, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করতে বারবার চেষ্টা করেছে। আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।’