ঢাবিতে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ

মহান বিজয় দিবসে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল সাধারণ শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এ কর্মসূচি হয়।

এ সময় শিক্ষার্থীরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের, এই বাংলায় ঠাঁই নাই’সহ বিভিন্ন সেøাগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ ফয়সাল বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বাঙালি জাতি একটি রাষ্ট্র গঠন করতে পেরেছিলাম। কিন্তু এ দেশে জন্ম নিয়েও কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা মুক্তিযুদ্ধকে সবসময় ভারতের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে। কিন্তু এই ইতিহাস বিকৃতিকে আমরা তরুণ প্রজন্ম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি।’

আহসান উল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে গোলাম আযম ও নিজামীরা। তাদের উত্তরসূরিরা আজও মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে অপপ্রচার চালাচ্ছে। রাজাকারদের প্রতি ঘৃণা ও প্রতিবাদের অংশ হিসেবে বিজয় দিবসে আমরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছি।’