কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মদরাসা (বড় মদরাসা) এর সাবেক মুহতামিম, কাকরাইল জামে মসজিদের সাবেক ইমাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার উপদেষ্টা, উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদের উপদেষ্টা ও প্রখ্যাত প্রবীন আলেমেদ্বীন শায়খুল হাদীস মাওলানা তাজুল ইসলাম (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। বুধবার ভোর ৪.৩০ ঘটিকায় মুরাদনগর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) জোহর নামাজের পর মুরাদনগর উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মদ্রাসা (বড় মদরাসা) মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনায় ও হুজুরকে একনজর দেখতে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন ও সেক্রেটারি মুফতি আবুল ফারাহ ফরিদী এবং উপজেলা ইমাম-খতিব ঐক্য পরিষদ।
তারা শোক বার্তায় জানান, শাইখুল হাদিস মাওলানা তাজুল ইসলাম (রহ.) ছিলেন একজন প্রজ্ঞাবান, দূরদর্শী ও আহলে সুন্নাত ওয়াল জামাআত মতাদর্শী খাটি আহলে হক আলেমেদ্বীন। কুরআন ও সুন্নাহ এর সঠিক পথ প্রদর্শন ইসলামের আদর্শ বাস্তবায়নে এই নশ্বর পৃথিবীতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আমরা একজন সত্যিকারের অভিভাবক হারালাম। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ছাত্র, শুভানুধ্যায়ী ও অনুসারীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দিন।