দাউদকান্দিতে তারেক রহমানের জনসভা, প্রস্তুত হচ্ছে মঞ্চ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।  আগামিকাল রবিবার সন্ধ্যার পর উপজেলার মডেল মসজিদের সামনে ঈদগাঁ মাঠে নির্বাচনী সভায় তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর দাউদকান্দিতে বিএনপির দলীয় প্রধানের উপস্থিতি ও জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে।

এবিষয়ে উপজেলা বিএনপির নেতারা বলছেন, এই জনসভা ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্বাচনী সভায়  সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ধানের শীষ প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রধান  তারেক রহমানের  দাউদকান্দিতে এটি প্রথম জনসভা। এ জন্য বিশাল মঞ্চসহ পুরো ঈদগাঁ  মাঠটি সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে।

ইতিমধ্যে  কেন্দ্রীয় বিএনপির  নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, পিটার চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একাধিকবার ঈদগাঁ  মাঠ পরিদর্শন করেছেন।

তারেক রহমানের মঞ্চ ও মাঠের প্রস্তুতি দেখতে আসা সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দিন ভুইয়া  বলেন, মনে হচ্ছে আমরা একটা আনন্দ-উৎসবের মধ্যে আছি। ভালোই লাগছে। দলটি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দের মতো দেখছি।

তারেক রহমান রবিবার চট্টগ্রাম, ফেনী এবং চৌদ্দগ্রামে  জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দাউদকান্দি ঈদগাঁ মাঠে নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত