আইপিএল নিলামের ২৪ ঘণ্টাও পেরোয়নি। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ দাম।
রেকর্ড দামে আইপিএল দল পাওয়ার পরের দিনই আইএল টি-টোয়েন্টিতে মাঠে নামেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এমআই এমিরাটসের বিপক্ষে ম্যাচে চলতি আসরে নিজের সেরা দিন পার করেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।
দুবাইয়ে বুধবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৭ রান তোলে এমআই এমিরাটস। শুরুটা দাপুটে হলেও শেষটা রঙিন হয়নি তাদের। এর পেছনে বড় কারণ ছিলেন মোস্তাফিজ। বাংলাদেশি পেস সেনসেশন এদিন ৪ ওভার বোলিং করে নেন ৩ উইকেট। রান খরচে কিছুটা বিলাসিতা দেখান। ৮.৫০ ইকোনমি রেটে তিনি দেন ৩৪ রান।
তবে তার এই বোলিং বিফলে গেছে। ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে ক্যাপিটালস। ১৮ ওভারে ৫ উইকেটে ১১৮ রানে পৌছানো দলটি শেষ ২ ওভারে ২০ রান তুলতে পারেনি। নাভিন উল হকের তোপে ১২ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে ফেলে। এর মধ্য মোস্তাফিজও ছিলেন, যিনি শেষ ওভারে রান আউট হয়েছেন।
মুম্বাই ইন্ডিয়ানসে সাকিব আল হাসান থাকলেও এ ম্যাচে খেলেননি।