ফাইফারে মোস্তাফিজের 'ছক্কা', কিউইদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর মোস্তাফিজুর রহমানের ৫ উইকেটে নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। 

৬ মাসের মধ্যে এটা বাংলাদেশের তৃতীয় ওয়ানডে সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর নিউজিল্যান্ডকে হারালো মেহেদী হাসান মিরাজের দল। 

মোস্তাফিজের পাঞ্জা ও নাহিদের গতি

২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর ডিফেন্ড করতে নেমে শুরুতেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারের মাথায় হেনরি নিকোলসকে (৪) বাউন্সারে কুপোকাত করে শুরুটা করেন তিনি। এরপর উইল ইয়াং ও নিক কেলির ৪৬ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদ রানা ১৪৬ কিমি গতির এক ডেলিভারিতে ইয়াংকে ফিরিয়ে জুটি ভাঙেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বল হাতে কিউই দলপতি টম ল্যাথামকে (৫) থিতু হতে দেননি।

একপ্রান্ত আগলে রেখে নিক কেলি ৫৯ রানের লড়াকু ইনিংস খেলে সফরকারীদের ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরিয়ে আনেন মোস্তাফিজুর। এরপর দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। শরিফুলের বলে বোল্ড হন মুহাম্মদ আব্বাস (২৫)।

মিরপুরে শেষ ওয়ানডের মতো পেসার নাহিদ রানা আজও গতির ঝড় তুলেছেন। ঘণ্টায় ১৪৮.৬ কিলোমিটার গতির এক বিষাক্ত ইয়র্কারে তিনি উপড়ে ফেলেন জশ ক্লার্কসনের লেগ স্টাম্প। অন্যদিকে ফিল্ডিংয়ে বাংলাদেশ ছিল অসাধারণ। মোস্তাফিজের বলে মিড উইকেটে তাওহীদ হৃদয়ের অসামান্য ক্যাচ এবং শর্ট মিড উইকেটে মেহেদী হাসান মিরাজের শূন্যে ঝাঁপিয়ে নেওয়া ক্যাচটি ছিল দেখার মতো।

শেষ দিকে উইল ও’রোউর্ককে বোল্ড করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন মোস্তাফিজ। ১২০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ ৫ উইকেট শিকার। একই সাথে প্রথম পেসার হিসেবে চট্টগ্রামের মাটিতে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার নতুন এক ইতিহাস গড়লেন 'কাটার মাস্টার'।

এর আগে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। চরম ধৈর্য্য এবং দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে তিনি ইনিংস পুনর্গঠন করেন।

লিটন দাসের সঙ্গে মিলে শান্ত প্রথমে ইনিংস থিতু করেন। এই জুটি ধীরস্থিরভাবে ৫০ রান যোগ করার পর ধীরে ধীরে নিজেদের স্কোর ১০০-তে নিয়ে যান। ওপেনার লিটন দাস ৭১ বলে ৫০ রানের এক মূল্যবান ইনিংস খেলে বিদায় নেন। অন্যপ্রান্ত আগলে রাখা শান্ত ৭০ বলে পূর্ণ করেন তাঁর অর্ধশতক। মিডল ওভারে কিউই বোলারদের শাসন করে এই জুটি শেষ পর্যন্ত ১৫০ রানের এক বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন, যা ম্যাচের নাটাই বাংলাদেশের হাতে এনে দেয়।

অসাধারণ ব্যাটিং শৈলী উপহার দিয়ে নাজমুল হোসেন শান্ত ১১৯ বলে ১০৫ রানের এক চমৎকার সেঞ্চুরি ইনিংস খেলেন। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ২৫০ রানের গণ্ডি পার করে। ডেথ ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ ১০ ওভারে ৬১ রান সংগ্রহ করে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (সাইফ ০, তানজিদ ১, সৌম‍্য ১৮, শান্ত ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩*, মিরাজ ২২, শরিফুল ১, তানভির ০, মোস্তাফিজ ৩*; ও’রোউর্ক ৭-১-৩২-৩, স্মিথ ৯-০-৫০-০, লিস্টার ১০-০-৬২-২, আব্বাস ৫-০-১৬-০, ক্লার্কসন ৩-০-১৯-০, লেনক্স ১০-০-৫০-২, ফক্সক্রফট ৬-০-৩৫-১)

নিউজিল্যান্ড: ৪৪.৫ ওভারে ২১০/১০ (নিকোলস ৪, কেলি ৫৯, ইয়াং ১৯, ল্যাথাম ৫, আব্বাস ২৫, ফক্সক্রফট ৭৫, ক্লার্কসন ৬, স্মিথ ২, লেনক্স ২, ও’রোউর্ক  ১, লিস্টার ২*; শরিফুল ৭-০-১৯-১, মোস্তাফিজুর ৯.২-২-৪৩-৫, নাহিদ ১০-১-৩৭-২, তানভির ১০-০-৭০-০, মিরাজ ৮.৫-০-৩৬-২)

ফল: বাংলাদেশ ৫৫ রানে ম্যাচ এবং ২-১ ব্যবধানে সিরিজ জয়ী।

ম্যান অফ দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত

ম্যান অফ দা সিরিজ: নাহিদ রানা

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত