নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১টায় পাওয়ার লুম ব্যবসায়ী হাজি আব্দুর রবের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।
ব্যবসায়ী হাজি আব্দুর রব বলেন, ‘রাত ১টার দিকে আমার বাড়িতে ১৫-২০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও ডাকাতদের ধরার উদ্দেশ্যে ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
ডাকাতির ঘটনায় ব্যবসায়ী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হয়েছেন। শ্রমিক আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী আব্দুর রব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে পুলিশ পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।