খিচুড়ি বিতরণ নিয়ে বাগবিতন্ডা ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাজারে রান্না করা পুড়ে যাওয়া খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় আহমেদ উদ্দিন (৫৫) নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসক নিহত হয়েছেন।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আহমেদ উদ্দিন নয়নসুখ গ্রামের মৃত আফিল মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে নয়নসুখ গ্রামসংলগ্ন গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মুর্শিদের বাজার এলাকায় একটি মাজারে রান্না করা খিচুড়ি বিতরণ করেন বারবলদিয়া গ্রামের বাসিন্দা রেনু মিয়া (২৫)। পুড়ে যাওয়া খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে ওই রাতেই স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় রেনু মিয়ার সঙ্গে আহমেদ উদ্দিনের বাগবিত-া হয়।

গতকাল বুধবার সকালে রেনু মিয়া নয়নসুখ গ্রামে আহমেদ উদ্দিনের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন।

 এ সময় রেনুকে উদ্দেশ করে আহমেদ উদ্দিন জানতে চান, মঙ্গলবার রাতে তাকে কেন পুড়ে যাওয়া খিচুড়ি দেওয়া হয়। এ নিয়ে রেনু মিয়ার সঙ্গে আহমেদ উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমেদ উদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত রেনু

মিয়া গাঢাকা দিয়েছেন। তার সঙ্গে  মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।