মাগুরায় রাজাকার ঘৃণাস্তম্ভে জুতাপেটা থুতু নিক্ষেপ

মাগুরায় অস্থায়ীভাবে রাজাকার ঘৃণাস্তম্ভ তৈরি করে জুতাপেটা ও থুতু নিক্ষেপ করেছে ছাত্র-জনতা।

গতকাল বুধবার দুপুরে রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের উদ্দেশ্যে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের সামনে কলেজ শিক্ষার্থীরা এ ঘৃণাস্তম্ভ তৈরি করেন।

নির্মাণ শেষে সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও সাধারণ জনতা জুতা-স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করে প্রতিবাদ জানায়।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে যারা দেশের বিরোধিতা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মা-বোনের সম্ভ্রমহানি ঘটিয়েছে, তাদের প্রতি ঘৃণা জানাতেই এ কর্মসূচি। তারা বলেন, রাজাকারদের ভূমিকা জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। সেই ঘৃণাকে স্মরণ করতেই এই আয়োজন।

ছাত্রদের দাবি, মুক্তিযুদ্ধবিরোধী চক্র যেন আর কখনো নতুন করে দেশবিরোধী তৎপরতায় লিপ্ত হতে না পারে এবং ১৯৭১ সালের মতো গণহত্যা ও দমন-পীড়নের পুনরাবৃত্তি না ঘটায়, সে বিষয়ে সবাইকে সজাগ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।