যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ দেশের তালিকায় ফিলিস্তিন ও সিরিয়াসহ নতুন করে ৮টি দেশকে যোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার হোয়াইট হাউজ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হলো ফিলিস্তিন, সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, লাওস ও সিয়েরা লিওন। এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায় ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার হুমকি থেকে দেশকে রক্ষার জন্য যেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই, স্ক্রিনিং এবং তথ্য আদান-প্রদানে প্রমাণিত, ধারাবাহিক ও গুরুতর ঘাটতি রয়েছে সেসব দেশের ওপর প্রবেশ-নিষেধাজ্ঞা আরও বিস্তৃত ও জোরদার করা হয়েছে। গত জুনে প্রথম প্রকাশিত ১২টি দেশের সঙ্গে যোগ হয়েছে এই ৮ দেশ। ফলে মোট ২০ দেশের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপিত হলো। একই সঙ্গে নাইজেরিয়া, তানজানিয়া ও জিম্বাবুয়েসহ আরও ১৫টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সুরক্ষার উদ্দেশ্যেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।
আদেশে ফিলিস্তিনকে সরাসরি দেশ হিসেবে উল্লেখ করা হয়নি। কারণ ওয়াশিংটন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। আর সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আসল এমন সময়ে, যখন ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটিতে পাসপোর্ট বা নাগরিক নথি জারির জন্য যথাযথ কেন্দ্রীয় কর্র্তৃপক্ষ না থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মূলত অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এ তালিকা আরও বড় করেছে। সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুজন সদস্যকে গুলি করা হয়। তাদের একজন পরে মারা যান। এরপর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে আরও বেশি কঠোর অবস্থান নেয়। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসনের ওপর ‘স্থায়ী স্থগিতাদেশের’ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এরও কয়েক সপ্তাহ পর তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা বাড়ালেন। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তায়েব। ফিলিস্তিনি বংশোদ্ভূত ও ডেমোক্রেটিক পার্টির এ কংগ্রেস সদস্য ট্রাম্প আর তার শীর্ষ সহযোগী স্টিফেন মিলারের বিরুদ্ধে দেশের জনমিতি বদলে ফেলার চেষ্টার অভিযোগ এনেছেন।