ইকুয়েডরের পেশাদার ফুটবল ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকুইলের ডিফেন্ডার মারিও পাইনেইডা এক হামলায় নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বুধবার জানিয়েছে, ৩৩ বছর বয়সী মারিওর সঙ্গে গুলিতে আরও একজন মারা যায় এবং একজন আহত হয়। ইকুয়েডরের অভ্যন্তরীণ মন্ত্রণালয় পাইনেইডার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, তবে বিস্তারিত জানায়নি।
পাইনেইডা তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ইন্ডিপেন্ডিয়েন্টে দেল ভ্যালেতে, যেখানে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন। ২০১৬ সালে গুয়ায়াকুইলের ক্লাবে যোগ দিয়ে দুইটি লিগ শিরোপা জিতেছেন। এছাড়া তিনি ২০২২ সালে ব্রাজিলের ফ্লুমিনেনসে একটি সময় খেলেছেন। বার্সেলোনা দে গুয়ায়াকুইল এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের সমর্থকরা পাইনেইডার মৃত্যুতে গভীর শোকাহত।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলা ঘটেছে গুয়ায়াকুইলের উত্তরের সামানেস এলাকায়, যা রাজধানী কুইটো থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ইকুয়েডোর অপরাধ পরিসংখ্যান অনুসারে, দেশটিতে চলতি বছরে রেকর্ডসংখ্যক সহিংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংখ্যায় ৯ হাজার ছাড়িয়ে যেতে পারে। গত বছর এই সংখ্যা ছিল ৭,০৬৩ এবং ২০২৩ সালে রেকর্ড ছিল ৮,২৪৮।