২০২৬ ফুটবল বিশ্বকাপে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য মাইলফলক। এই আসরেই দেখা যাবে বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম্যাচ। আগামী বছরের ২০ জুন মেক্সিকোর মনতেরেই শহরের বিবিএভিএ স্টেডিয়ামে ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হবে জাপান জাতীয় ফুটবল দল ও তিউনিসিয়া জাতীয় ফুটবল দল।
২০২৬ সালের বিশ্বকাপটি নানা দিক থেকেই ঐতিহাসিক। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। এছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশ যৌথভাবে আয়োজন করছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, এই ম্যাচটি হবে গ্রুপ ‘এফ’-এর দ্বিতীয় রাউন্ডের অংশ। একই গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস এবং ইউরোপীয় প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দল।
মেক্সিকোর আধুনিক ক্রীড়া ভেন্যুগুলোর অন্যতম বিবিএভিএ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে হাজারতম ম্যাচটি। মনতেরেই কর্তৃপক্ষ জানিয়েছে, এই দিনটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসের প্রতীকী উদযাপন। বিশ্বকাপ শুরু হয়েছিল প্রায় একশ বছর আগে দক্ষিণ আমেরিকায়। এই দীর্ঘ পথ পরিক্রমায় দর্শকরা এবার হাজারতম ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে। ২০২৬ সালের এই ম্যাচটি বিশ্বকাপের গৌরবময় ইতিহাসে যুক্ত করবে নতুন এক অধ্যায়।
বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিন পয়েন্ট অর্জনের পাশাপাশি ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পাবে জাপান ও তিউনিসিয়া। এবারের আসরের দলগুলোকে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই বিশাল আয়োজনের মাধ্যমে সংস্কৃতি, ভেন্যু ও দর্শকসংখ্যার বৈচিত্র্যে নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে বিশ্বকাপ।