মোস্তাফিজকে শর্তসাপেক্ষে আইপিএল খেলতে দেবে বিসিবি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

আইপিএলের মিনি নিলামে রেকর্ড গড়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনিই এখন আইপিএলে সর্বোচ্চ দাম পাওয়া বাংলাদেশি ক্রিকেটার। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নিলামের রেশ কাটতেই প্রশ্ন উঠেছে, মোস্তাফিজ কি পুরো আইপিএল খেলার সুযোগ পাবেন? বিসিবি কি তাকে অনাপত্তিপত্র দেবে?

আজ বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম। তিনি বলেছেন, ‘মোস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে যে তিনটা ম্যাচ থাকবে, সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। আট দিনের জন্য সে ফেরত আসবে। ওয়ানডে সিরিজ খেলার জন্য।’

আইপিএলের পরের মৌসুম শুরু হবে আগামী ২৬ মার্চ। টুর্নামেন্ট চলাকালীন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আছে বাংলাদেশের। ২০২৭ বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে সিরিজটি গুরুত্বপূর্ণ। তাই সেই ওয়ানডে সিরিজ খেলতে মোস্তাফিজকে দেশে ফিরতে হবে বলে জানান ফাহিম, ‘ওটা (বিশ্বকাপে সরাসরি সুযোগ) নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি। ওখানে (কিউইদের বিপক্ষে) যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি। সে কারণেই সিদ্ধান্তটা নেওয়া।’

আইপএলে টি-টোয়েন্টি খেলার মাঝে ৮ দিনের জন্য ওয়ানডে খেলে আবার টি-টোয়েন্টিতে ফিরে যাওয়া মোস্তাফিজের জন্য ধকলের হবে কিনা- এমন প্রশ্নে ফাহিমের জবাব, ‘এটার বোধহয় দুইটা সাইডই আছে। এটার একটা হচ্ছে, ও একটা টি-টোয়েন্টির এনভায়রনমেন্টে থাকবে। সেখান থেকে এসে ওয়ানডে খেলা। আমরা বলতেই পারি, কিছুটা ট্রানজিশন থাকতে পারে। একইসঙ্গে ও যে পর্যায়ে খেলবে, সেখান থেকে এসে এখানে আরেকটু বেশি অবদান রাখতে পারবে। এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। আমরা সব হিসাব-কিতাব প্লাস-মাইনাস করে দেখেছি, ওর উপস্থিতি আমাদের জন্য জরুরি। আমাদের যে শক্তিমত্তা আছে, সেটা ও থাকলে আরও শক্তিশালী হয়। সে বিবেচনায় এটা করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত