খুলনায় আদালতের ফটকের সামনে জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ইজাজুল হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত বুধবার বিকেলে রূপসা উপজেলার আইচগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইজাজুল রূপসা উপজেলার আইচগাতী গ্রামের ফারুক হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর এক প্রেস ব্রিফিংয়ে এজাজুল হোসেনের গ্রেপ্তারের কথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, গত ৩০ নভেম্বর দুপুরে প্রকাশ্যে নগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে আদালতে হাজিরা প্রদান শেষে বের হওয়ার সময় গুলি ও কুপিয়ে নৃশংসভাবে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুজনকে হত্যা করা হয়। লোমহর্ষক এ ঘটনার পর র্যাব-৬ এর সদস্যরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে।