নেত্রকোনার কলমাকান্দায় গুমাই নদীতে ডুবে আরফান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আরফান স্থানীয় মাসুদ রানা ও লিপি আক্তারের সন্তান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টায় আরফান বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তার মা লিপি আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে বাড়ির পাশের গুমাই নদীতে পড়ে যায় আরফান। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে আরফানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরে বাড়ির পাশের নদীতে আরফানকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আরফানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।