বোলিংয়ের আইন ভঙ্গ করে নিষেধাজ্ঞার শঙ্কায় মিচেল স্টার্ক

অ্যাডিলেডে চলমান তৃতীয় অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্ককে দুইবার সতর্ক করা হয়েছে। ম্যাচের চতুর্থ দিন আজ শনিবার বোলিং করার সময় তিনি উইকেটের নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েন। আম্পায়ার নিতিন মেনন তাকে দুইবার সতর্ক করেন। তৃতীয়বার একই ঘটনা ঘটালে তিনি পুরো ইনিংস বোলিং করতে পারবেন না।

ক্রিকেটীয় আইনের ৪১ ধারা অনুযায়ী, বোলারকে ফলো-থ্রুর সময় নিষিদ্ধ এলাকায় অনধিকার প্রবেশ করতে দেওয়া হয় না। ব্যাটাররাও এখানে দাঁড়িয়ে বা দৌড়িয়ে পিচের অবাঞ্ছিত ক্ষতি করতে পারেন না। দুইবার সতর্কবার্তা পাওয়ার পর ৬ ওভার বোলিং করা স্টার্ককে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় আনা হয় স্কট বোল্যান্ডকে।

এই সমস্যা সমাধানে স্টার্ক নিজেও মাঠকর্মীদের সাহায্য চেয়েছেন। তার কাছে মনে হয়েছে, উইকেটের কিছু অসমান অংশের কারণে তার এই ভুল হচ্ছে। এদিকে ধারাভাষ্য কক্ষে মার্ক ওয়াহ বলেছেন, ‘দল নিশ্চয়ই চাইবে না যে স্টার্ক পুরো ম্যাচে বোলিং থেকে বাইরে থাকুক। কিন্তু প্রান্ত বদল করলেই সতর্কতা বাতিল হয় না।’

এই রিপোর্ট লেখা পর্যন্ত স্টার্ককে আবারও বোলিংয়ে ফেরানো হয়েছে। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৪৩৫ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে ৬২.৩ ওভারে ৬ উইকেটে ২০৭ রান তুলেছে ইংল্যান্ড। ১০ ওভার বোলিং করে ৩৫ রান দেওয়া মিচেল স্টার্ক এখনো কোনো শিকার ধরতে পারেননি।