রেকর্ড ১৩ বার রুটকে আউট করে ইমরান খানের পাশে কামিন্স

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটকে টেস্টে ত্রয়োদশবারের মতো আউট করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাটি কামিন্স। এর মাধ্যমে তিনি স্পর্শ করেছেন এক অনন্য মাইলফলক। প্যাট কামিন্স এখন টেস্ট অধিনায়ক হিসেবে একশ পঞ্চাশ বা তার বেশি উইকেট নেওয়া ক্রিকেটারদের অভিজাত তালিকায় ইমরান খানের পাশেই আছেন।

চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে না পারলেও অ্যাডিলেডে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন কামিন্স। প্রথম ইনিংসে ৩টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের শীর্ষ ব্যাটারদের একে একে ফেরান। দ্বিতীয় ওভারে বেন ডাকেটকে আউট করে ইনিংসের সূচনা করেন কামিন্স। পরে ২৯ বলে ১৭ রান করা অলিভার পোপকে আউট করেন। এরপর জো রুটকে (৩৯) ফিরিয়ে ছুঁয়ে ফেলেন ইমরান খানকে।

টেস্ট অধিনায়ক হিসেবে একশ পঞ্চাশের বেশি উইকেটের তালিকায় এতদিন একমাত্র নামটি ছিল পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের। তার শিকার ১৮৭ উইকেট। এবার তার সঙ্গী হলেন কামিন্স। এছাড়া এই ম্যাচেই আরেকটি বড় রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন মিচেল জনসনকে। কামিন্সের টেস্ট উইকেট এখন ৩১৫টি। জনসনের ছিল ৩১৩।

এই টেস্টে জো রুটকে আউট করার মাধ্যমে কামিন্স আন্তর্জাতিক ক্রিকেটে রুটকে সর্বোচ্চবার আউট করার রেকর্ডও গড়েছেন। সব সংস্করণ মিলিয়ে তিনি এখন পর্যন্ত রুটকে ১৬ বার আউট করেছেন, যার মধ্যে টেস্ট ক্রিকেটেই ১৩বার (২০ টেস্টে)। এর ফলে তিনি ভারতের পেসার জসপ্রিত বুমরাকে ছাড়িয়ে গেছেন, যিনি সব সংস্করণ মিলিয়ে রুটকে ১৫ বার আউট করেছিলেন। এছাড়া ১৭ টেস্টে ১১ বার তাকে আউট করেছেন বুমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত