শুরুটা করে দেন প্যাট কামিন্স, এরপর যোগ দেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। সিরিজের তৃতীয় টেস্টে বিশাল পরাজয়ের আশঙ্কায় ‘বাজবল’ ফেলে সনাতনী টেস্ট ব্যাটিং করেছে ইংল্যান্ড। তবুও তারা চতুর্থ দিন শেষে পরাজয়ের মুখে আছে। ম্যাচ জিততে ইংল্যান্ডের চাই আরও ২২৮ রান, হাতে আছে ৪ উইকেট।
আজ শনিবার অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে ৩৪৯ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে। গতকালের অপরাজিত ওপেনার ট্রাভিস হেড করেন ২১৯ বলে ১৬ চার ২ ছক্কায় ১৭০ রান। এছাড়া মিডল অর্ডারে অ্যালেক্স ক্যারি খেলেন ১২৮ বলে ৭২ রানের ইনিংস। অজিদের ইনিংসে আর কোনো ফিফটি নেই। বল হাতে ইংল্যান্ডের জশ টং নেন ৭০ রানে ৪ উইকেট। ব্রাইডন কার্সের শিকার ৮০ রানে ৩টি। একটি করে নিয়েছেন জোফরা আর্চার, বেন স্টোকস ও উইল জ্যাকস।
৪৩৫ রানের বিশাল টার্গেট তাড়ায় নেমে দলীয় ৪ রানে ইংল্যান্ডের উইকেট পতন শুরু হয়। বেন ডাকেট ফেরেন ৪ রানে। অপর ওপেনার জ্যাক ক্রলি অবশ্য ১৫১ বলে ৮ চারে ৮৫ রান করেন। জো রুটকে (৩৯) আউট করে ইমরান খানের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টেস্টে দেড়শ উইকেট শিকার করেন প্যাট কামিন্স। হ্যারি ব্রুকও ৩০ রানের বেশি করতে পারেননি। এই মিডল অর্ডারকে শিকার করেন নাথান লায়ন।
অভিজ্ঞ অজি স্পিনারের দ্বিতীয় শিকার ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (৫)। দুই ব্যাটারকেই তিনি বোল্ড করে দিয়েছেন। দিনশেষে জেমি স্মিথ ২ রানে এবং উইল জ্যাকস ১১ রানে অপরাজিত আছেন। প্যাট কামিন্স এবং নাথান লায়ন দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন। চতুর্থ দিনেই অ্যাডিলেডে ব্যাটিং করা কঠিন হয়ে গেছে। পঞ্চম দিনে চার উইকেট হাতে নিয়ে ইংল্যান্ড কতটা লড়াই করতে পারে সেটাই দেখার। সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।