নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রুহুল আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন (২৬) রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা।
পিবিআই জানায়, গ্রেপ্তার আসামি রুহুল আমিন তার প্রাথমিক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তথ্য অনুযায়ী, নিহত আবরাহাম খানের সঙ্গে রুহুল আমিনের খালার পরকীয়ার সম্পর্ক ছিল। এ সম্পর্কের কথা জানাজানি হলে আবরাহাম রুহুল আমিনের খালাকে ব্ল্যাকমেইল করা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিশোধ নিতে রুহুল আমিন, তার খালা ও অজ্ঞাত আসামিরা আবরাহামকে হত্যা পরিকল্পনা করে।
তদন্তকারী কর্মকর্তারা জানায়, ১৫ ডিসেম্বর সকালে রুহুল আমিনের খালার প্ররোচনায় আবরাহাম খানকে তার রাজবাড়ীর বাড়ি থেকে আড়াইহাজারে নিয়ে আসা হয়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী রুহুল আমিন ও তার সহযোগীরা আবরাহামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তার মাথা দেহ থেকে আলাদা করে এবং পরিহিত জামাকাপড় খুলে ফেলে মাথা ও হত্যায় ব্যবহৃক অস্ত্র একটি ব্যাগে ভরে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। এঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী খান থানায়একটি হত্যা মামলা করেন। এক পর্যায়ে ১৮ ডিসেম্বর পুলিশ ওই খাল থেকে নিহতের খণ্ডিত মাথা, দা ও জ্যাকেটের কিছু অংশ উদ্ধার করে।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে তদন্ত চলছে। গ্রেপ্তার রুহুল আমিনকে শনিবার আদালতে পাঠানো হবে। এছাড়া রুহুল আমিনের খালা ও অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার ও সনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।