দাঁতের মাড়িতে ইপিউলিস কেন হয়

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

মুখগহ্বর আমাদের শরীরের অন্যতম সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অংশ। ইপিউলিস হলো দাঁতের মাড়ির উপরিভাগে বা মুখের ভেতরের নরম অংশে তৈরি হওয়া এক ধরনের মাংস বৃদ্ধি। যা দেখতে নরম বা সামান্য শক্ত গুটির মতো হয়, কখনো গোলাকার, কখনো মাশরুমের মতো  দেখতে। সাধারণত দাঁত ও মাড়ির ঠিক সংযোগস্থলে, দুই দাঁতের মাঝখানে বা তালু, জিহ্বার নিচে এবং ঠোঁটের ভেতরেও এই গুটি দেখা দিতে পারে। বড় হয়ে গেলে কামড়ে যাওয়ার ঝুঁকি, রক্তপাত, ঘা এবং সংক্রমণ সৃষ্টি করে। ইপিউলিসের শুরুতে যে অনুভূতিগুলো হয় তা হলো মাড়ির মধ্যে বাড়তি কিছু লেগে থাকার অনুভূতি, জিহ্বা দিয়ে বারবার ওই অংশে স্পর্শ করতে ইচ্ছে হওয়া, হালকা ব্যথা বা টান টান অনুভূতি, মাড়ি একটু উঁচু বা ফোলা মনে হওয়া, গুটি বড় হলে খাওয়া বা কথা বলায় বাধা তৈরি করতে পারে।

ধরন : মাড়ির তন্তু বা হাড়সংলগ্ন আঁশ থেকে তৈরি হয়, ধীরে বড় হয় ও তুলনামূলকভাবে শক্ত। আবার দাঁত পড়ে যাওয়ার পর খালি স্থানে দ্রুত বৃদ্ধি পায়, নরম এবং সহজে রক্তপাত হয়। বেগুনি বা লাল গুটি হিসেবে দেখা যায় এবং মুখের নরম টিস্যুতে বেশি থাকে।

কেন ইপিউলিস হয়

মাড়ির দীর্ঘস্থায়ী প্রদাহ : দাঁতের পাথর, জমে থাকা ময়লা বা সংক্রমণ মাড়িকে দুর্বল করে এবং অস্বাভাবিক মাংস বৃদ্ধিকে উসকে দেয়।

বারবার আঘাত : ধারালো দাঁত, ভাঙা দাঁত বা ব্রেসের চাপ মাড়িকে ক্ষতিগ্রস্ত করে।

হরমোনজনিত পরিবর্তন : গর্ভাবস্থায় মাড়ি সংবেদনশীল হয়ে ওঠে।

দাঁতের ভুল অবস্থান : বাঁকা বা তির্যক দাঁত মাড়িতে  চাপ তৈরি করে।

শিশুদের ক্ষেত্রে : কোন কোন শিশুর মুখে জন্মের সময় থেকেই ছোট আকারের গুটি থাকতে পারে। দুধদাঁত ওঠার সময় মাড়ি নরম ও ফুলে থাকে, ক্ষুদ্র ক্ষত সৃষ্টি হয়ে অস্বাভাবিক মাংস বৃদ্ধি হতে পারে। খেলাধুলার সময় পড়ে যাওয়া বা শক্ত কিছু কামড়ে আঘাত পেলে এমন হয়। নিয়মিত দাঁত না মাজা, যা প্রদাহ ও সংক্রমণ সৃষ্টি করে। দাঁত ঘন বা কাছাকাছি থাকলে মাড়িতে অতিরিক্ত চাপ পড়লে এমন হতে পারে।

চিকিৎসা : মাড়িতে অস্বাভাবিক গুটি বা রঙের পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে দ্রুত দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ইপিউলিস অপসারণের সবচেয়ে প্রচলিত ও কার্যকর উপায় হলো সার্জারি। পুনরাবৃত্তি রোধ করতে এবং সম্পূর্ণরূপে অস্বাভাবিক টিস্যু দূর করতে আশপাশের স্বাভাবিক টিস্যুর কিছু অংশসহ কেটে বাদ দেওয়া।

ইপিউলিসের সঙ্গে সম্পর্কিত দাঁত বা প্রোস্থেটিক (যেমন ভুল ফিটিং ডেনচার) থাকে, তবে অপসারণের প্রয়োজন হয়।