ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঝিনাইদহ শহরে ‘বন্ড ক্লথিং হাউজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে যুবলীগ নেতার মালিকানা রয়েছে দাবি করে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটার পরে প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শহর জুড়ে। বিক্ষুব্ধ ছাত্র-জনতার আক্রোশের শিকার ওই ব্যবসাপ্রতিষ্ঠানে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা নেই বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহরের ব্যবসায়ীরা। গতকাল দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন ভবনের যৌথ মালিকদের একজন। কিন্তু তিনি ‘বন্ড ক্লথিং হাউজ’র সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নেই। কিন্তু একটি মহল বারবার ‘বন্ড ক্লথিং হাউজে’ যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানা রয়েছে এমন গুজব ছড়িয়ে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে হামলা চালিয়েছে। সংবাদ সম্মেলনে জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, শহিদুল ইসলাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।