যশোরের সাবেক কাউন্সিলর মিলন ঢাকায় গ্রেপ্তার

যশোর জেলা যুবলীগের নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে ঢাকার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় তার নামে মামলাও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে আটক করে।

ক্যাসিনোবিরোধী অভিযানে ২০২০ সালের ১২ জানুয়ারি দুবাই থেকে স্ত্রী, সন্তান নিয়ে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে হত্যা, বিস্ফোরকদ্রব্য আইনে অন্তত ১৪টি মামলা রয়েছে।