চট্টগ্রাম-৯

বিএনপির সুফিয়ানের পাশাপাশি মনোনয়নপত্র নিলেন আবুল হাশেম বক্কর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ইতিপূর্বে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

রোববার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নেপাল চন্দ্র দাসের নিকট থেকে আবুল হাশেম বক্করের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার একান্ত সচিব এস এম শহিদ ইকবাল।

চট্টগ্রাম-৯ আসনে প্রায় অর্ধডজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম-৯ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আবু সুফিয়ানের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে নির্বাচনী তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত পুরোদমে নির্বাচনী প্রচারণা চালান তিনি। তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়।

এদিকে রোববার নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের পক্ষে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইদ্রিস আলমসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দেশ রূপান্তরকে বলেন, আবুল হাশেম বক্কর বিএনপির দুঃসময়ে মাঠে থাকা নেতা। আমরা মনে করি দলের জন্য তার যে ত্যাগ ও অবদান রয়েছে তার মূল্যায়ন হওয়া প্রয়োজন। তার পরামর্শেই আমরা রিটার্নিং অফিসার কার্যালয থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

প্রসঙ্গত, বন্দর নগরী চট্টগ্রামের রাজনীতিতে চট্টগ্রাম-৯  (কোতোয়ালী-বাকলিয়া) আসনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। অতীতের বিভিন্ন নির্বাচনের ফলাফলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই এখান থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন তারা সরকার গঠন করেন এবং এই আসনের সংসদ সদস্য পরবর্তীতে মন্ত্রীত্বের আসন পান।