ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুটি হল তিনটি স্থাপনার নামকরণ ইস্যুতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) নেতারা। গতকাল রবিবার বেলা তিনটার দিকে তারা এ ঘেরাও কর্মসূচি পালন করেন।
পাঁচটি স্থাপনার মধ্যে দুটি হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার রয়েছে। স্থাপনাগুলো হলো, শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।
শিক্ষার্থীদের ঐকমত্যের ভিত্তিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার প্রস্তাব করা হয়েছে। বিক্ষোভ শেষে ডাকসুর নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময়, জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভে ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত বলেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস দীর্ঘদিন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত হয়েছে। সেই প্রেক্ষাপটে একজন নারী মুক্তিযোদ্ধার নামে আমাদের হলের নামকরণ করার ম্যান্ডেট পেয়েছি। আমাদের হলের অধিকাংশ শিক্ষার্থী বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগমের নামে হলের নাম রাখার পক্ষে।
ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদের আইকনদের নামে বিশ্ববিদ্যালয়ে থাকা সব স্থাপনার নাম অবিলম্বে পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শেখ মুজিব হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেলের নাম পরিবর্তনের দাবিও প্রশাসনের কাছে জানানো হবে।