আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিকট ভবিষ্যতে বিশে^র মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে এআই এমনভাবে তৈরি করা দরকার, যেন এটি মানুষের জন্য সঠিক সময়ে সহজ ও কার্যকর সমাধান দিতে পারে।
সম্প্রতি অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল কেস কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট (আইসিসিবিএম ২০২৫) সম্মেলনের মূল প্রবন্ধে এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর মেরুল বাড্ডা বিশ^বিদ্যালয়টির ক্যাম্পাসে দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে বলে গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই কনফারেন্সে ৯৭টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছিল। এর মধ্যে যে ৬৯টি প্রবন্ধ প্রকাশের জন্য নির্বাচিত হয়, সেগুলো একটি প্যারালাল সেশনে উপস্থাপন করা হয়।
ব্র্যাক বিজনেস স্কুল (বিবিএস) এবং ইমারেল্ড পাবলিশিংয়ের আয়োজনে এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল ‘এআই ইনোভেশন অ্যান্ড সাসটেইনিবিলিটি : রিথিংকিং এন্টারপ্রাইজ, প্র্যাকটিস অ্যান্ড লিডারশিপ ইন দ্য গ্লোবাল সাউথ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) চেয়ারম্যান কামরান টি রহমান। তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা খুব গুরুত্বপূর্ণ সময়ে বাস করছি, যা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির জন্যও খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলো তাদের হবে, যারা সঠিক প্রশ্ন করতে পারেন, চাপের মধ্যে ক্রিটিক্যাল চিন্তা করতে পারেন, লোভ ও মোহের মধ্যেও নৈতিক থাকতে পারেন এবং অনিশ্চিত পরিস্থিতিতেও সাহসের সঙ্গে নেতৃত্ব দিতে পারেন।’
কনফারেন্সের মূল প্রবন্ধ পাঠ করেন হিউম্যানাইজিং গ্লোবাল টেকনোলজির গ্লোবাল এক্সিকিউটিভ শরিয়ার পাভেল। তিনি বলেন, অ্যাডভান্সড এআই ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। তিনি ব্যাখ্যা করে বলেন, এআই এমনভাবে তৈরি করা দরকার, যেন এটি মানুষের জন্য সঠিক সময়ে সহজ ও কার্যকর সমাধান দিতে পারে। তিনি আরও বলেন, এআইয়ের কারণে বিশ্বের জিডিপি ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেনাটা লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ কায়সার কবির, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব। ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য হলো গ্লোবাল সাউথে নেতৃত্ব দেওয়া এবং আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা গড়ে উঠছে।