রাঙ্গামাটিতে আগুনে ৩ বাস ৪ দোকান ও বাড়ি ভস্মীভূত

রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকা-ে তিনটি যাত্রীবাহী বাস, চারটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার খাগড়াছড়ি, বান্দরবান বাস কাউন্টারের পাশের একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় কাছে থেমে থাকা বাসগুলোতেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই যানবাহন, দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকা-ের সময় বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান আগুনে দোকানের মালামাল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত বাসমালিকরা বলেন, ‘সকালে খাগড়াছড়ি, বান্দরবান জেলায় যাওয়ার জন্য বাসগুলো কাউন্টারের সামনে রাখা হয়। কিন্তু এই ভয়াবহ আগুনে আমাদের বাসগুলো পুড়ে যাওয়ায় আমরা একেবারে পথে বসে গেছি।’

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পুড়ে যাওয়া দোকানের একজন কর্মচারী রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমান। আমরা ধারণা করছি, তার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’