ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা চলাকালে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি আল-সাদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল-সাদকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার আল-সাদ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, গত ৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে বহিরাগত আল-সাদ ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কর্তব্যরত শিক্ষক-কর্মচারীরা তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। এ ঘটনার প্রায় ১৫ মিনিট পর আল-সাদ তার এক সহযোগীসহ দেশীয় রামদা নিয়ে আবার কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষক-কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান।
ঘটনার পরদিন কলেজের কর্মচারী নাজমুল হোসেন প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করায় আল-সাদকে (৩০) প্রধান আসামি করে দুজনের নামে আলফাডাঙ্গা থানায় মামলা করেন।
গত শনিবার র্যাব-৬-এর সহযোগিতায় র্যাব-১০ খুলনা নগরের ময়লাপোতা এলাকায় যৌথ অভিযান চালিয়ে আল-সাদকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করেন। ওই মামলার অন্য আসামি সাদী খান পলাতক রয়েছেন।