নারায়ণগঞ্জ-৫ আসন

গণসংযোগে বিএনপি প্রার্থী মাসুদ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নানা নাটকীয়তার পর প্রচারে ফেরা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে গতকাল রবিবার বিকেলে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কার্যক্রম হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে স্থানীয় দোকানপাট, বাজারসহ, গণসমাগমস্থলে এবং পথচারীদের কাছে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগকালে মাসুদুজ্জামান বলেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই ৩১ দফার ভিত্তিতেই গড়ে উঠবে। তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই বাস্তবায়িত হবে। তিনি এই লক্ষ্যে এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, দল থেকে আমাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। কারও কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি এলাকার জনগণকে আহ্বান জানান।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার

হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, বন্দর থানা-বিএনপির সাবেক সভাপতি নুরুদ্দিন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন প্রমুখ।