বাংলাদেশ নারী জাতীয় দলের পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্বাধীন তদন্ত কমিটি আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্ত কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহানারা আলমের কাছ থেকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়ার পর নারী ক্রিকেটে অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন কমিটি নির্ধারিত দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে।
বিসিবি জানায়, তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করেছে। তবে একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও সঠিক তদন্ত নিশ্চিত করতে আরও কিছু ব্যক্তির সঙ্গে কথা বলা এবং অতিরিক্ত তথ্য পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে কারণেই বাড়তি সময় চাওয়া হয়েছে।
এর আগে জাহানারা আলমের অভিযোগের পর বিসিবি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। শুরুতে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত ২ ডিসেম্বর প্রথমবার সময় বাড়িয়ে আরও ১৫ দিন দেওয়া হয়, কারণ জাহানারা আলম নিজে লিখিত অভিযোগ জমা দিতে কিছুটা সময় চেয়েছিলেন।
পরবর্তীতে তদন্ত কমিটির সদস্য সংখ্যা নিয়ে সমালোচনার মুখে তা বাড়ানো হয়। বর্তমানে পাঁচ সদস্যের এই কমিটিতে আছেন— বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক, এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।
গত মাসে ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেন, ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে কুপ্রস্তাব দেন। পাশাপাশি তিনি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে মানসিক নির্যাতন, যৌন হয়রানি এবং প্রস্তাবে সাড়া না দেওয়ায় বাজে আচরণের অভিযোগও তোলেন।
এ ছাড়া নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ, যিনি একসময় বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের ব্যক্তিগত সহকারী ছিলেন, তাঁর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করেন জাহানারা। আরও কয়েকজন টিম ম্যানেজমেন্ট ও বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তোলেন ৩২ বছর বয়সী এই পেসার।
জাহানারার অভিযোগ প্রকাশ্যে আসার পর নারী ক্রিকেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপরই বিসিবি তদন্ত কমিটি গঠন করে। বিসিবির নির্দেশনা অনুযায়ী অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম ২০ ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা দেন।