হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া নামে এক যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার গোতামারী সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকার কাছে এ ঘটনা ঘটে।

আহত রনি মিয়া (২২) ওই এলাকার হারুন অর রশীদের ছেলে। বর্তমানে তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান, সোমবার ভোরে দইখাওয়া সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে পাঁচজনের একটি দল গরু আনতে ঢুকে। এ সময় উত্তর গোতামারী সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনায় ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের শিষরাম ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রনি মিয়া আহত হলে তার সঙ্গে থাকা সহচররা তাকে দ্রুত উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত সরিয়ে আনে। পরে তাকে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী ইমাম বলেন, ঘটনাটি জানার পর রনি নামে এক ব্যক্তির বাড়িতে বিজিবির একটি দল পাঠানো হয়েছিল। তবে তার পরিবার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি রাবার বুলেটের আঘাতে আহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি।