দিল্লি শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ও শিলিগুড়ির ভিসা কেন্দ্রে ভিসা সেবা গতকাল সোমবার থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি, পশ্চিমবঙ্গ ও ঢাকার তিনটি কূটনৈতিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

দিল্লিতে হাইকমিশনের বাইরে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে বলা হয়েছে, পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।

নিরাপত্তাজনিত কারণে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত ভিসা কেন্দ্রও গতকাল দুপুরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে আজ মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল আগরতলা মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

উগ্রবাদী সংগঠন অখ- হিন্দু রাষ্ট্রসেনার কর্মীরা দিল্লির উচ্চ নিরাপত্তার আওতাধীন কূটনৈতিক এলাকা চাণক্যপুরীর রাধাকৃষ্ণ মার্গে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের বাসভবন ও হাইকমিশনের সামনে বিক্ষোভ করে। গত শনি ও রবিবার রাতে এ বিক্ষোভ হয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত রবিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে; ‘হাইকমিশনারের পরিবার’ ঝুঁকিতে আছে এমন অনুভূতির কথা জানিয়েছে।

ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, গত কয়েক দিন দিল্লি, কলকাতা, আগরতলাসহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে উগ্রবাদীরা বিক্ষোভ প্রদর্শন ও নানারকম হুমকি দিতে থাকলে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়ায়।

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে মারার পর তার লাশ পোড়ানোর ঘটনাকে সাধারণ প্রবণতা হিসেবে চিত্রিত করে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ করে দেশটির কিছু সংগঠন।

অন্য একটি কূটনৈতিক সূত্র জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত ভিসা কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ির একটি মার্কেটে অবস্থিত এ ভিসা কেন্দ্রে একদল বিক্ষোভকারী গতকাল সোমবার সকালে ভাঙচুর চালায়। এরপর গতকাল দুপুরে ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।

একই ইস্যুতে আসামের প্রায় ৫০টি স্থানে ‘বাঙালি পরিষদ, আসাম’ নামে একটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ করে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে সেখানে বাংলাদেশ মিশনে ভিসা সেবা বন্ধ করে দেওয়া হতে পারে।

কলকাতায় পার্ক সার্কাস এলাকায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে গতকাল বিজেপি বিক্ষোভ প্রদর্শন করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভে নেতৃত্ব দেন। তিনি হিন্দু সাধু-সন্তদের সঙ্গে একটি মিছিল নিয়ে বাংলাদেশ মিশনের দিকে এগোতে থাকলে পুলিশ আটকে দেয়। তিনি সাধুদের নিয়ে রাস্তায় বসে পড়েন। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

কয়েকটি সংগঠন একই দাবিতে আজ মঙ্গলবার কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ ও মুম্বাইয়ে মিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। দুই মহানগর থেকে কূটনৈতিক সূত্রের বক্তব্য অনুযায়ী, মিশন দুটিতে স্থানীয় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে পাথর নিক্ষেপের পর নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।