নেত্রকোনায় হামলায় যুবক নিহত

নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশায় যাত্রী ওঠাকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের হামলায় জিহাদুল ইসলাম (৩৫) নামের যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদুল ছোট ইলাশপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

জানা গেছে, গতকাল বিকেলে চৌরাস্তা মোড়ে একটি অটোরিকশায় দুজন যাত্রী ওঠেন জারিয়া যাওয়ার উদ্দেশে। কিন্তু ওই যাত্রীদের নামিয়ে দিয়ে ধমক দেন নিহত জিহাদুলের চাচা নিজাম উদ্দিনের লোকজন। ওই যাত্রী এবং অটোরিকশাচালক বিষয়টি নিয়ে নিজামের ভাতিজা জিহাদুলের কাছে নালিশ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি ও বাগবিত-ার একপর্যায়ে নিজাম উদ্দিনের হাতে থাকা শাবল দিয়ে জিহাদুলের মাথায় আঘাত করেন। জিহাদুল মারাত্মক জখম হলে তাকে স্থানীয়রা দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখেছি। নিজাম উদ্দিন পালিয়ে গেছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে নিয়ে এসেছি।