ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠাসহ আট দফা দাবিতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে আন্দোলন করেছে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনের ফলে প্রায় এক ঘণ্টা ধরে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।