ভোটের দিন অপরিবর্তিত রেখে তফসিল সংশোধনের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) ঠিক রেখে নির্বাচনী তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানিয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দলটির একটি প্রতিনিধিদল এ দাবি তুলে ধরে। 

দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর তাদের প্রস্তাবে নির্বাচন কমিশন (ইসি) ইতিবাচক আশ্বাস দিয়েছে।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ১২ ফেব্রুয়ারি ভোট বানচাল করতে ওই দলটি ও ভারত চেষ্টা করছে। এছাড়া সুষ্ঠু ভোটের ক্ষমতা নিয়ে ইসির সক্ষমতা নিয়েও সন্দেহ রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট করতে হলে ইসির সক্ষমতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সময় মতো ভোট হবে কিনা তা নিয়ে এখনও শঙ্কা আছে। কিছু বিষয় দেখেছি এবং তাদেরকে জানিয়েছি আশঙ্কার কথা। তারপরও ইসিকে বলেছি ১২ তারিখেই যেন ভোট হয়।

নির্বাচনি প্রতীকের বিষয়ে নাসীরুদ্দিন পাটওয়ারী স্পষ্ট করেন, এনসিপি কোনো নির্বাচনি জোট গঠন করলেও তারা আগামী নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।