পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

সারা দিনের ওঠানামা শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)-এর বেশিরভাগ কোম্পানির দর বাড়ার দিনে সার্বিক লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সকালে সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে গতকাল বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ১৪ পয়েন্ট।

এর আগের দিন (সোমবার) ৪৮ পয়েন্ট বাড়লেও তার আগে টানা ৫ কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৫ পয়েন্ট ও গত সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ২২ পয়েন্ট, বুধবার ৩৬ পয়েন্ট, সোমবার ৪৩ পয়েন্ট ও রবিবার ৩১ পয়েন্ট কমেছিল। অর্থাৎ ৫ কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি কমে ১৩৭ পয়েন্ট।

আজ ডিএসই-তে ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪০৭ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৯ কোটি ৩১ লাখ টাকা বা ১৭ শতাংশ।

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮টির বা ৪৫ দশমিক ৯৯ শতাংশের। আর দর কমেছে ১২৬টির বা ৩২ দশমিক ৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩টির বা ২১.৪৫ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বুধবার ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৬৫ পয়েন্টে।