গাইবান্ধায় দুই ঘণ্টার ব্যবধানে দুই উপজেলায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১টা বিকেল ৩টা পর্যন্ত সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শেফালী বেগম (৩৬) আর সাঘাটা উপজেলায় অটোভ্যানের ধাক্কায় সাবিনা বেগম (৪২) নিহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিম তার স্ত্রী শেফালী ও দুই বছরের সন্তানকে নিয়ে উপজেলা শহরে যাচ্ছিলেন। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় পৌঁছলে মালবাহী একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে রেজাউল করিম ও তার স্ত্রী শেফালী বেগম সড়কের ওপর পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেফালী বেগম নিহত হন।
এ ছাড়াও সাঘাটায় মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান যাত্রী সাবিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।
এদিকে, মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতরা হলেন, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের রিয়াদুল ইসলাম (১৯)।
অন্যদিকে, ঘন কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরপর চারটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩টি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে যানবাহনগুলো একটির সঙ্গে অপরটির সংঘর্ষ হয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।