প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বুধবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। অবশ্য প্রজ্ঞাপনে পদত্যাগের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
প্রজ্ঞাপন হওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সাংবাদিকদের জানিয়েছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্নের দাবির পাশাপাশি ‘হত্যার দায় নিয়ে’ খোদা বকশ চৌধুরীর পদত্যাগ দাবি করে সংগঠনটি। গত সোমবার ইনকিলাব মঞ্চের এক সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগও দাবি করা হয়।
খোদা বকশ চৌধুরীর পদত্যাগের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হাদির হত্যাকা-ের ইস্যুতে সৃষ্ট চাপের মুখেই তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
গত বছর ১০ নভেম্বর তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিজের বিশেষ সহকারীর দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশকে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
২০০৬ সালের নভেম্বর থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন খোদা বকশ। এরপর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন।