আইএল টি-টোয়েন্টি থেকে বিপিএলে ফিরলেন মোস্তাফিজ-তাসকিন

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে প্রথম অংশগ্রহণেই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, তাসকিন আহমেদের বোলিংয়ের অভিজ্ঞতা ছিল মিশ্র। বিদেশের লিগ শেষ করে দুজনে একসাথে ফিরছেন বিপিএল খেলতে। বৃহস্পতিবার ঢাকায় ফেরার পথে একসঙ্গে দেখা যায় বাংলাদেশের এই দুই অভিজ্ঞ পেসারকে।

বিমানে বসে মোস্তাফিজের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাসকিন। ক্যাপশনে তিনি জানান, আইএল টি-টোয়েন্টি অভিযান শেষে তারা দেশে ফিরছেন। শারজাহ ওয়ারিয়র্জের আতিথেয়তায় তিনি কৃতজ্ঞ। পাশাপাশি বিপিএলের অপেক্ষার কথাও উল্লেখ করেন ডানহাতি এই পেসার।

এবারের বিপিএলের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স সরাসরি চুক্তিতে দলে নিয়েছে মোস্তাফিজকে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে তাসকিন আহমেদকে। রংপুর রাইডার্সের হয়ে এবারই প্রথম বিপিএল খেলবেন মোস্তাফিজ। যদিও ২০১৯–২০ মৌসুমে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলেছিলেন।

চলতি বছর দুর্দান্ত ফর্মে থাকা মোস্তাফিজ আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে শিকার করেন ১৫ উইকেট, যা টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আর পেসারদের মধ্যে সর্বোচ্চ। ওভারপ্রতি রান দেন মাত্র ৮.০৮। অন্যদিকে তাসকিন শারজাহ ওয়ারিয়র্জের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নেন। তার ইকোনমি ছিল ৮.৭৬।