বক্সিং ডে টেস্টে আবারও থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনেই ২০ উইকেট পতন হয়েছে। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসও শুরু করেছে। স্বাগতিকদের প্রথম ইনিংসে ব্যাটিং ধসের মাঝেই একটি নো বল নিয়ে বিতর্কের শুরু হয়।
অস্ট্রেলিয়ার স্কোর তখন ৭ উইকেটে ১৪২ রান। ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের বল মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মিচেল স্টার্ক। বেন স্টোকস দৌড়ে গিয়ে অসাধারণ দক্ষতায় সেই ক্যাচ নেন। স্টার্ক আউট হয়ে সাজঘরের পথে হাঁটতে শুরু করেন। সেই মুহূর্তেই টিভি রিপ্লেতে দেখা যায়, বল ছোড়ার সময় কার্সের সামনের পা সম্ভবত ক্রিজের বাইরে ছিল। মানে সেটা নো বল।
নো বলে কট বিহাইন্ড দেওয়ার কোনো সুযোগই নেই। তাই সাথে সাথেই গ্যালারিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকদের জোরালো প্রতিক্রিয়ার মধ্যেও থার্ড আম্পায়ার এহসান রাজা সিদ্ধান্ত দেন যে কার্সের পায়ের একটি অংশ সাদা লাইনের পেছনে মাটিতে ছিল, ফলে সেটি নো বল নয়। এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ধারাভাষ্যে মার্ক ওয়াহ স্পষ্ট ভাষায় বলেন, এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না।
স্টার্কের এই উইকেটই ছিল কার্সের একমাত্র সাফল্য। তবে ওই সিদ্ধান্তের পরপরই অস্ট্রেলিয়া ১৫২ রানে অল-আউট হয়ে যায়। এরপর ইংল্যান্ড প্রথম ইনিংস খেলতে নেমে অল-আউট হয় মাত্র ১১০ রানে! ৪২ রানে এগিয়ে থেকে প্রথম দিনেই দ্বিতীয় ইনিংস শুরু করে দেয় অস্ট্রেলিয়া। দিনশেষে তারা ৪৬ রানে এগিয়ে আছে। তবে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠা বক্সিং ডে টেস্টের প্রথম দিনকে আরও নাটকীয় করে তুলেছে।