বাঁশখালীতে হাতির আক্রমণে একজনের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপের পাহাড়ি গহীন অরণ্যে নব্যার ঝিরি এলাকায় গতকাল শুক্রবার সকালে হাতির আক্রমণে কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আসহাব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সকালে চাম্বল এলাকার চাষি কামাল হোসেন ক্ষেতে কাজ করার জন্য পাহাড়ি গহীন অরণ্য নব্যার ঝিরি এলাকায় যান। সেখানে ঘন কুয়াশা

থাকায় দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে গেলে তিনি হাতির আক্রমণের শিকার হন। জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, এ এলাকাটি হাতির বিচরণক্ষেত্র। কুয়াশার মধ্যে কামাল হোসেন হাতির সামনে পড়ে গেলে তিনি আক্রমণের শিকার হন।

বাঁশখালী ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, ইকোপার্কের ভেতরে নব্যার ঝিরি এলাকায় ভোরে ক্ষেতে কাজ করতে গিয়ে কুয়াশার মধ্যে হাতির সামনে পড়ে যান কৃষক কামাল হেসেন। এ সময় হাতির আক্রমণে মারা যান তিনি।