বড়দিনের ছুটিতে লুইস সুয়ারেজের দেশে মেসি

বড়দিন রোজারিওতে পরিবারের সঙ্গে কাটানোর পর উরুগুয়ের উদ্দেশে যাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতেই এই সফর। উরুগুয়ের দৈনিক এল পাইসের খবরে জানানো হয়েছে, মেসি তার ঘনিষ্ঠ বন্ধু ও বর্তমান ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের বড় মেয়ে দেলফিনার পনেরোতম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে উরুগুয়ে যাবেন।

২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই মেসি ও সুয়ারেজের বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক মাঠের বাইরে দুই পরিবারের গভীর বন্ধনে রূপ নেয়। বর্তমানে দুজনই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ইউরোপে শুরু হওয়া এই বন্ধুত্ব এখন আমেরিকাতেও সমানভাবে অটুট আছে। কিছুদিন আগে তারা একসঙ্গে ভারত সফরও করেছেন।

লুইস সুয়ারেজ ইতোমধ্যে উরুগুয়ে পৌঁছেছেন। তার মেয়ে দেলফিনার জন্মদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ক্যানেলোনেস বিভাগের ভিলা ডোমুস নামের একটি অভিজাত খামারবাড়িতে। এর আগে উরুগুয়ের জাতীয় দলের সাবেক তারকাদের বিয়ের অনুষ্ঠানও এই স্থানে হয়েছে। জন্মদিনের আয়োজনে আন্তর্জাতিক ফুটবলের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মেসি ও সুয়ারেজ উরুগুয়েতে একসঙ্গে একটি ক্রীড়া প্রকল্পের সঙ্গেও যুক্ত, যার নাম দেপোর্তিভো এল এস এম। ক্লাবটি উরুগুয়ের ফুটবল সংস্থার অধীনে প্রতিযোগিতায় অংশ নেয়। ২০২৫ সালে তৃতীয় বিভাগে উন্নীত হয়েছে। তবে ক্লাব সূত্রে জানানো হয়েছে, এই সফরে মেসি কোনো ক্রীড়া কার্যক্রমে অংশ নেবেন না; পুরো সময়টাই তিনি পারিবারিক ও ব্যক্তিগত পরিসরে কাটাবেন।

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সুয়ারেজের স্ত্রী সোফিয়া বালবিও বার্সেলোনায় থাকার সময় থেকেই ঘনিষ্ঠ বন্ধু। বর্তমানে দুই পরিবারই মায়ামিতে বসবাস করে এবং প্রায়ই একসঙ্গে সময় কাটায়। সুয়ারেজ দম্পতির তিন সন্তান দেলফিনা, বেঞ্জামিন ও লাউতারো এবং মেসি দম্পতির তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরো। ফুটবলের দিক থেকে বছরটি দুজনের জন্যই সফলভাবে শেষ হয়েছে। ইন্টার মায়ামির হয়ে তারা ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকার কাপ জিতেছেন।