আইপিএলের টাকায় বাবার ঋণ শোধ করবেন ১৯ বছরের কার্তিক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

আইপিএলের মিনি নিলামে বড় চমক হয়ে এসেছিলেন কার্তিক শর্মা। ১৯ বছর বয়সী অচেনা এই ব্যাটারকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থানের হয়ে সদ্যসমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কার্তিক শর্মা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তার প্রথম কাজ হবে আইপিএলের টাকায় বাবার ঋণ শোধ করা।

কার্তিকের কাছে ক্রীড়া উপস্থাপক জতিন সাপরুর প্রশ্ন ছিল- আইপিএলের এত টাকা দিয়ে তিনি কী করবেন? জবাবে কার্তিক বলেন, এই অর্থ তার জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়েও পরিবারের স্বস্তিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার বাবার ছাব্বিশ লাখ রুপির একটি ঋণ রয়েছে এবং আইপিএল থেকে পাওয়া প্রথম পারিশ্রমিক দিয়েই তিনি সেই ঋণ শোধ করতে চান।

এত টাকা ঋণ ঠিক কী কারণে নেওয়া হয়েছিল, সেটা উল্লেখ না করলেও কার্তিক স্পষ্ট করে দেন যে পরিবারের দায়মুক্তিই তার প্রধান লক্ষ্য। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কার্তিকের বাবার স্থায়ী কোনো পেশা ছিল না। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছেন। ছেলেকে ক্রিকেটার বানাতে যা যা করার দরকার ছিল, সবই করার চেষ্টা করেছেন। এজন্যই তাকে ঋণের সাগরে ডুবতে হয়েছিল। এছাড়া সঞ্চয় ভাঙা থেকে শুরু করে গয়নাগাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে।

কার্তিকের অনুশীলনের জন্য বোলিং মেশিন আর নেট বসাতে তার পরিবারকে জমিও বেচতে হয়েছিল। এর মধ্যে কার্তিকের খেলার সরঞ্জাম চুরি হয়েছিল। নেটও ক্ষতিগ্রস্ত করেছিল চোরেরা। সেই কার্তিককেই লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তীব্র দর কষাকষি করে দলে নিয়েছে চেন্নাই। তিনি হয়ে যান আইপিএলের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে দামি আনক্যাপড খেলোয়াড়।

নিলামের সময় অনুভূতির কথা জানাতে গিয়ে কার্তিক বলেন, তিনি আবেগ ধরে রাখতে পারেননি। শুরুতে তার মনে হয়েছিল, হয়তো তিনি দলই পাবেন না। কিন্তু দর বাড়তে থাকায় পরিস্থিতি বদলে যায়। নিলাম শেষ হওয়ার পরও তিনি কাঁদতে থাকেন। অন্যরা যখন আনন্দে নাচছিল, তখন তিনি আনন্দের অশ্রু ঝরাচ্ছিলেন। বিজয় হাজারে ট্রফিতে তিনি ৮ ম্যাচে ৪৪৫ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১১৮ বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত