বিপিএলও ফর্ম খুঁজে ফিরছেন জাকের আলী

গত কয়েকমাসে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারটি হলেন জাকের আলী অনিক। সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অতি প্রিয় এই ক্রিকেটার পারফর্ম না করেও একের পর এক সিরিজ খেলে গেছেন। এমনকী জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। এবার বিপিএলেও জাকেরের ফর্মের কোনো পরিবর্তন হচ্ছে না।

সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬৫ রানের বড় ব্যবধানে হেরে গেছে নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রামের ১৭৪ রান তাড়ায় নেমে তারা মাত্র ১০৯ রানে অল-আউট হয়ে যায়। আট ব্যাটার দুই অংকেই যেতে পারেননি, তাদের একজন হলেন জাকের আলী। চার নম্বরে ব্যাট হাতে নেমে দলের চাহিদার বিপরীতে খেলেন ১২ বলে ৬ রানের ইনিংস! শেখ মেহেদীর বলে অনসাইডে তুলে মারার চেষ্টায় সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

বিপিএল শুরুর আগের দিন জাকেরের দল নোয়াখালী এক্সপ্রেসে কম নাটক হয়নি। লজিস্টিক সুবিধা না পাওয়ায় রাগ করে অনুশীলন ছেড়ে চলে গিয়েছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। পরে ফ্র্যাঞ্চাইজির অনুরোধে তারা ফিরে আসেন। কিন্তু বিপিএলে তাদের শুরুটা ভালো হলো না। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের দলে সুযোগ পেতে হলে বিপিএলেই কিছু করে দেখাতে হবেজাকেরকে।