মান্নার আসনে শাহে আলমকে মনোনয়ন বিএনপির

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলম। তবে এই আসন নিয়ে গুঞ্জন অব্যাহত রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এই আসন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ এর আগে বিএনপি থেকে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্নাকে আসনটি ছাড় দেয়া হয়েছিল। কিন্তু ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়।

আজ সকালে ঢাকার চেম্বার আদালত ঋণ খেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে নির্দেশ দেয়। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতেও নির্দেশনা দেয়া হয়। আদালতের এই নির্দেশনা আসনটি নিয়ে নতুন জটিলতা তৈরি করেছে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, দলের পক্ষ থেকে আজ আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। বিকেলে আমি বিএনপি নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করব।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, মীর শাহে আলমকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে ওই আসনে মাহামুদুর রহমান মান্নাকে আসন ছাড়ার কথা ছিল। এখন দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে।

এদিকে, আদালতের রায়ের পর মান্নার নির্বাচনে অংশগ্রহণের পথে আইনি বাধা দূর হয়েছে। তবে বিএনপির চূড়ান্ত অবস্থান কী হবে, তা এখনো স্পষ্ট নয়। দলের উচ্চপর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় নেতা-কর্মীরা।