হাজার গোল হবেই, আমি নিশ্চিত: রোনালদো

বয়সকে তুড়ি মেরে হাজার গোলের পথে ছুটে চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলের প্রতি তার আবেগ এখনও অটুট রয়েছে। তাই হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে আরও কিছুদিন মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পর্তুগিজ মহাতারকা। 

দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর রোনালদো বলেন, “খেলা চালিয়ে যাওয়া সহজ নয়, তবে আমি এখনও ভীষণভাবে অনুপ্রাণিত।”

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬টি। চল্লিশোর্ধ বয়সের এই তারকা আরও এক বা দুই বছর খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তার হাজার গোলের লক্ষ্যকে বাস্তবসম্মত বলেই মনে করা হচ্ছে।

রোনালদো বলেন, “আমার আবেগ এখনও খুব বেশি। আমি খেলতে ভালোবাসি এবং খেলাটা চালিয়ে যেতে চাই। মধ্যপ্রাচ্য হোক বা ইউরোপ—যেখানেই খেলি না কেন, ফুটবল খেলতে আমি সব সময়ই উপভোগ করি"

নিজের লক্ষ্যের কথা আবারও স্পষ্ট করে রোনালদো বলেন, “আপনারা জানেন আমার লক্ষ্য কী। আমি শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যাটিতে পৌঁছাতে চাই—এক হাজার গোল। যদি কোনো বড় চোট না আসে, আমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাব।”