ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন সম্ভব নয়: ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় তিনি বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুন্ডামি-মাস্তানি, সংঘর্ষের পরিকল্পনা ও কেন্দ্র দখলের অপচেষ্টা। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জেলে থাকা কিছু অপরাধীকে জামিনে মুক্ত করা হচ্ছে এবং অন্য জেলা থেকে সর্বহারা লোক এনে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ঢাকায় ওসমান হাদীর ওপর হামলাসহ সারা দেশে বিভিন্ন নেতাকর্মীর ওপর আক্রমণের ঘটনা ঘটছে। প্রতিটি আসনে ৫০ থেকে ১০০ জন করে অপরাধপ্রবণ ব্যক্তি সক্রিয় রয়েছে। এদের গ্রেপ্তার বা নির্বাচনের সময় আটক রাখা গেলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। ভয়ের পরিবেশ তৈরি হলে ভালো নির্বাচন হয় না, বরং একতরফা নির্বাচনের আশঙ্কা তৈরি হয়।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থা গঠন করা জরুরি। রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিপক্ষকে মোকাবিলা করতে হবে মেধা, যুক্তি ও তর্কের মাধ্যমে হামলা, মারধর বা অস্ত্রের ভয় দেখিয়ে নয়।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল বা আন্দোলন হতে পারে, কিন্তু কোনোভাবেই সহিংসতা গ্রহণযোগ্য নয়। প্রার্থীরা যেন নিরাপদে প্রচারণা চালাতে পারেন এবং সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারেন— এটাই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মূল শর্ত।

তিনি আরও জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসব বিষয় নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে।