একই আসনে মা বিএনপির ছেলে স্বতন্ত্র প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ^নাথ) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস। গতকাল সোমবার সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে ইতিমধ্যে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর তার ছেলে আবরার ইলিয়াস একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মা ও ছেলের প্রার্থিতা নিয়ে বেশ আলোচনা হলেও দলীয় সূত্র জানায়, এটি একটি কৌশল। কোনো কারণে মায়ের প্রার্থিতা বাতিল হলে ছেলেই প্রার্থী থাকবেন। অন্যথায় ছেলে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাহসিনা রুশদীর লুনা। তবে চাকরিজনিত কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। একসময় ঢাকা বিশ^বিদ্যালয়ে কর্মকর্তা পদে চাকরি করতেন লুনা। ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে রয়েছেন।

সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও পাঁচ নেতা। তারা হলেন জামায়াতে ইসলামীর আবদুল হান্নান, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবদুস শহিদ।