কুড়িগ্রামে ৬ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

কুড়িগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ছয়জনের গেজেট বাতিল করেছে সরকার। যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বাতিলের সুপারিশ করলে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্তের অনুমোদন দেয়। গতকাল সোমবার মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। গেজেট বাতিল হওয়া মুক্তিযোদ্ধারা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মো. শুকুর আলী, আব্দুল মালেক, কুড়িগ্রাম সদর উপজেলা মো. আব্দুল হাই সরকার, মো. নছর উদ্দিন, উলিপুর উপজেলার মো. হাবিবুর রহমান ও নাগেশ্বরী উপজেলার মো. খবির আলী।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, নির্ধারিত তদন্ত ও শুনানিতে অভিযুক্ত ব্যক্তিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন। ফলে তাদের নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট ও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গেজেট বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কুড়িগ্রামের আব্দুল হাই বলেন, ‘আমি ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। আমার যাবতীয় কাগজপত্র রয়েছে। আমি খুব দ্রুতই ঢাকা গিয়ে আমার কাগজপত্র জমা করব। কেন যে আমার নাম গেজেট থেকে বাতিল করল, বিষয়টি বুঝতে পারছি না।’

কুড়িগ্রাম সদর উপজেলার কমান্ডার আব্দুল বাতেন বলেন, ‘যাদের গেজেট বাতিল করেছে সরকার, সবাই অনেক আগ থেকেই সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। কেন তাদের গেজেট বাতিল করা হলো, বিষয়টি আমাদের জানা নেই। তবে আমরা কেন্দ্রীয় কাউন্সিলকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি।’