টি-টোয়েন্টিতে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভুটানের বোলার!

ভুটানের এক তরুণ বোলার বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো এক ম্যাচে ৮ উইকেট শিকার করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে।

গেলেফুতে গত ২৬ ডিসেম্বর মায়ানমারের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ইয়েশে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ৮ উইকেট। তার এই অসাধারণ বোলিংয়ের সুবাদে ভুটান ৮২ রানের বড় জয় পায়। এটি পুরুষ ও নারী—দুই বিভাগ মিলিয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং ফিগার।

ম্যাচে আগে ব্যাট করে ভুটান ৯ উইকেটে ১২৭ রান তোলে। পরে ইয়েশের বিধ্বংসী স্পেলের মুখে মায়ানমার মাত্র ৪৫ রানে অলআউট হয়ে যায়। ইয়েশের নেওয়া ৮ উইকেটের মধ্যে ৭টি ক্যাচ আউট, একটি বোল্ড ও একটি এলবিডব্লিউ ছিল।

২০২২ সালের জুলাইয়ে ২২ বছর বয়সী ইয়েশের আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিষেক হয়েছিল। বিশ্বরেকর্ড গড়ার পর বিবিসি স্পোর্টকে ইয়েশে বলেন, “বিশ্বরেকর্ড গড়তে পেরে আমি গর্বিত। আমার পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দিয়েছে। ভুটান ক্রিকেটের সমর্থন ও আস্থাই আমাকে নিজের সীমা ছাড়িয়ে যেতে সাহস জুগিয়েছে।”

এর আগে পুরুষদের টি–টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড ছিল মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের, যিনি ২০২৩ সালে চীনের বিপক্ষে ৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন। নারীদের বিভাগে সেরা ফিগার ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার—২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৭ রানে ৭ উইকেট।

আইসিসির সহযোগী সদস্য ভুটান বর্তমানে পুরুষদের টি–টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৭৭ নম্বরে রয়েছে, আর মিয়ানমারের অবস্থান ৯৫। তুলনামূলক কম সুযোগ ও সীমিত সম্পদের মধ্যেও সোনাম ইয়েশের এই কীর্তি বিশ্ব ক্রিকেটে ভুটানের নাম নতুন করে আলোচনায় এনে দিয়েছে।